দুর্যোগে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি শ্যামনগরে শিশুদের

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বাস্তুচ্যুতির মতো দুর্যোগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের বিশেষ চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগকালীন জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নিরাপদ আশ্রয় এবং শিশুদের অধিকার সুরক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে শিশুদের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে উপজেলা জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস) বাস্তবায়িত এসসিভিএল প্রকল্পের আওতায় কিন্ডারনটহিলফে (কেএনএইচ) ও বিএমজেডের সহযোগিতায় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম পল্টু, উপজেলা পর্যায়ের সিপিপি নেতৃবৃন্দ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরামের সদস্য ও অভিভাবকরা।
সভায় শিশুদের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্য তাবাসসুম তাহরিমা ও মিম দুর্যোগকালীন সময়ে জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে একটি তথ্যভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করে।
প্রেজেন্টেশনে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বাস্তুচ্যুতির ফলে শিশুদের বেড়ে ওঠা ও নিরাপত্তার ক্ষেত্রে তৈরি হওয়া ঝুঁকিগুলো তুলে ধরা হয়। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ স্থান, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পৃথক শৌচাগার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধী শিশুদের চলাচলের উপযোগী অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিশুরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, শিক্ষক এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত দেন।
সভায় শিশুদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ ব্যবস্থা, সহজে অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি, শিশুদের অংশগ্রহণে সুরক্ষা কমিটি গঠন এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য, সুরক্ষা ও অন্যান্য সেবা নিশ্চিত করা।
বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেবল আশ্রয় ও ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি শিশুর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে আশ্রয়কেন্দ্রের পরিবেশ, অবকাঠামো ও দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা সাজাতে হবে।
তারা আরও বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন, সিপিপি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
সভায় শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের প্রশংসা করে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে শিশুদের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো শিশু যেন দুর্যোগের সময় নিরাপত্তা, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।