সাতক্ষীরায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ, ছাত্রলীগের সভাপতিসহ আটক ২

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আলিপুর এলাকার ঢালিপাড়া ও সেন্ট্রাল প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মোঃ মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বুধবার বিকেলে আলিপুর এলাকায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় ইটপাটকেল নিক্ষেপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরে তাঁদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে গিয়ে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যাওয়া হয়।
তবে ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগের সঙ্গে পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আটক দুজন মূলত থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাঁদের গ্রেপ্তারে পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি চালাচ্ছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাঁদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ এবং পুলিশের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঙ