প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

শ্যামনগরে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক

শ্যামনগরে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটক
দেশ টাইমস- , এনজিও ও সংগঠন ডেস্ক

নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, বাল্যবিবাহ ও নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর ‘২৬) উদ্বোধনী দিনে নকশীকাঁথা ও উইক্যান বাংলাদেশের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিক প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে র‌্যালি, আলোচনা সভা, ইজিবাইক ক্যাম্পেইন, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।

সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের নারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং নারীর প্রতি বৈষম্য সমাজের অগ্রগতির অন্যতম বাধা। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের নয়, রাষ্ট্র, সমাজ এবং প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নারীরা যেন নিরাপদে চলাফেরা, শিক্ষা গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করতে পারেন, সে পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়াতে হবে, অভিযোগ জানানোর ক্ষেত্রে তাঁদের উৎসাহিত করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আলোচনা নয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস এবং সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক মো. আব্দুল আহাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার, উন্নয়নকর্মী শিবানী বিশ্বাস, সাবেক ইউপি সদস্য বেবী নাজনীন, শংকরকাটি মহিলা ক্লাবের সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিমা রাণী মিস্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইজিবাইক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় শ্যামনগরয় উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে মাইকে নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক তথ্য প্রচার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দিনের কর্মসূচির শেষ পর্বে বিকেল ৩টায় শ্যামনগর ইউনিয়নের চণ্ডীপুরঙ পূজামণ্ডপ মাঠে নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন গ্রামের মানুষের উপস্থিতিতে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নাট্যকর্মীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক নাটক পরিবেশন করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ধারাবাহিক প্রচার, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক উদ্যোগ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নারী ও শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।ঊ