সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের ফাঁসি কার্যকরের নির্দেশ

রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী শওকত হোসেন ও তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই নারী আসামি হাসিনা খাতুন ও ছবিরণ বিবিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলী (৪৭) এবং একই উপজেলার কুকরালি কারিকরপাড়ার আতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৪)।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের নভেম্বর মাসে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিকরপাড়ার রইচউদ্দিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে শওকত আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে সুমাইয়া খাতুন ও সাব্বির হোসেন নামে দুই সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শওকত তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এক লাখ টাকা যৌতুক দেওয়া হলেও বাকি এক লাখ টাকার দাবিতে নির্যাতন অব্যাহত থাকে।
একপর্যায়ে যৌতুকের টাকা দিতে না পারায় ২০০৮ সালে শওকত দ্বিতীয় বিয়ে করে কুকরালি গ্রামে সংসার শুরু করেন। পরে প্রথম স্ত্রী নাছিমা ও দুই সন্তানকে নিয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে আতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। শওকত অধিকাংশ সময় দ্বিতীয় স্ত্রীর কাছে থাকতেন। এ নিয়ে বিরোধের জেরে শওকত, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, শ্যালক শফিকুল ইসলাম ও দ্বিতীয় শাশুড়ি ছবিরণ বিবি মিলে নাছিমাকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেন শওকত।
বাধ্য হয়ে নাছিমা খাতুন স্বামীসহ চারজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় অভিযোগ করেন। অভিযোগের শুনানির জন্য ২০০৮ সালের ৩০ আগস্ট তাঁদের পৌরসভায় হাজির হতে বলা হয়। নোটিশ পাওয়ার পর আসামিরা নাছিমার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার এবং অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেন।
কিন্তু টাকা দিতে না পারায় এবং অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় ২০১২ সালের ২৯ আগস্ট রাত ৮টার দিকে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে আতিয়ার রহমানের বাড়ির ভাড়া বাসায় প্রবেশ করে শওকত, হাসিনা, শফিকুল ও ছবিরণ নাছিমাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁকে ঘর থেকে বারান্দায় নিয়ে শফিকুল দুই হাত ধরে রাখেন। এ সময় শওকত দেশলাইয়ের কাঠি দিয়ে নাছিমার ওড়না ও সালোয়ারে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর নাছিমার মা রাবেয়া খাতুন বাদী হয়ে যৌতুকের দাবিতে নির্যাতন ও পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। মামলায় শওকত হোসেন, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, শ্যালক শফিকুল ইসলাম ও দ্বিতীয় শাশুড়ি ছবিরণ বিবিকে আসামি করা হয়। পরদিন পুলিশ শওকত হোসেনকে গ্রেপ্তার করে।
পরে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাছিমা খাতুন মারা যান। মৃত্যুর আগে তিনি চিকিৎসক ও পুলিশের কাছে তাঁর ওপর নির্যাতন এবং মৃত্যুর ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক জুলফিকার আলী ২০১৩ সালের ১৮ জানুয়ারি চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।
মামলার নথি পর্যালোচনা এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন এবং শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শওকত হোসেন ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অপর দুই নারী আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি কান্নায় ভেঙে পড়েন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিপক্ষ উচ্চ আদালতে গেলেও এ রায় বহাল থাকলে তিনি আরও বেশি খুশি হবেন।
অন্যদিকে শওকত হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আকবর আলী বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নজমুল হুদা জানান, বুধবার বিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।