প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
দেশ টাইমস- , শিক্ষাঙ্গন ডেস্ক

এস এম শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক:

​
​সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদান করা নাজমুল হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে সমাজের মূল ধারায় নিয়ে আসার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, ‘একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেবল পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রশাসন ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো ইতিবাচক উদ্যোগ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।’

​বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোমিনুল ইসলাম শামীম বলেন, ‘উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। নতুন ইউএনও মহোদয়ের নেতৃত্বে সাতক্ষীরা সদরের শিক্ষা খাত আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

​সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে পারলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেকাংশে কমে আসবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।’

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহসভাপতি মো. লিয়াকত আলী ও মো. এমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল লতিফ, কোষাধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, শিক্ষক এস এম শহীদুল ইসলাম প্রমুখ। সভার আগে শিক্ষক নেতারা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।