তালায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শেখ আবু হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ আবু হাসান দোহার গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আবু হাসানের বিষয়ে তথ্য পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, আবু হাসান নামে ওই যুবকের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।