সাতক্ষীরা পৌর জামায়াতের নতুন নেতৃত্বের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌরসভার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত মজলিসে শূরা সদস্য ও মনোনীত কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা পৌর জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত পৌর আমীর জাহিদুল ইসলাম শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সাতক্ষীরা পৌরসভার সকল রুকনের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের মজলিসে শূরা সদস্যরা নির্বাচিত হন। পরবর্তী সময়ে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের সমন্বয়ে নতুন নেতৃত্ব ও কর্মপরিষদ গঠন করা হয়।
নতুন সেশনে পৌরসভার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন খোরশেদ আলম। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বদিউজ্জামান খান, আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু তালেব ও আব্দুর রহিম।
শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত মজলিসে শূরা ও মনোনীত কর্মপরিষদের সদস্যরা আগামী দুই বছর সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে পৌর আমীর জাহিদুল ইসলাম সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করতে সব দায়িত্বশীলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি দায়িত্ব পালনে পারস্পরিক সমন্বয়, জবাবদিহি, সাংগঠনিক শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান তিনি। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দায়িত্বশীলকে সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।
নতুন নেতৃত্বের শপথ গ্রহণকে কেন্দ্র করে পৌর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।