প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান, সাতক্ষীরায় মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান, সাতক্ষীরায় মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
দেশ টাইমস- , শিক্ষাঙ্গন ডেস্ক

শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষ সাধনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটানোর আহ্বানের মধ্য দিয়ে সাতক্ষীরার হাওয়াল খালি কয়ার বিল বটতলা মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আল-আমিন হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন খুলনা বোর্ডের পরিচালক ও পরীক্ষক ইনতাজ গাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন খুলনা অঞ্চলের পরিদর্শক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ এবং বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম বকুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন মদিনা বাগ মাদ্রাসার মুহতামিম হাফেজ আজমুল হোসাইন, ডা. ওসমান গনি কাবুল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শিক্ষার্থীরা নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা অতিথি-অভিভাবকদের সামনে তুলে ধরে। তাদের পরিবেশনায় ছিল অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, ইংরেজিতে নিজের পরিচয়, ইংরেজি প্রশ্নোত্তর, আরবি কথোপকথন, বাংলা পরিচিতি, হাদিস পাঠ, মাসআলা-মাসায়েল, আল্লাহ তাআলার ৯৯টি নাম এবং জানাজার নামাজের ব্যবহারিক প্রদর্শনী।

শিক্ষার্থীদের এসব পরিবেশনায় শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস, ভাষাগত দক্ষতা ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক ফুটে ওঠে। হাতে-কলমে শেখার এসব কার্যক্রম উপস্থিত অভিভাবক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন উসমান গণি। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদব-কায়দা, নৈতিকতা ও উন্নত চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত হতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং নৈতিক শিক্ষার বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদ্রাসার মুহতামিম হাফেজ আজমুল হোসাইন প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। মাদ্রাসার অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সম্মেলনে বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে পরিমাপ করা যায় না। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।