প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে নারী কৃষকদের জলবায়ু-সহনশীল কৃষি ও অর্থনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

কালিগঞ্জে নারী কৃষকদের জলবায়ু-সহনশীল কৃষি ও অর্থনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
দেশ টাইমস- , কালিগঞ্জ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রান্তিক নারী কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সাতক্ষীরার কালিগঞ্জে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আভাস, স্ট্রিট চাইল্ড, কোস্ট ফাউন্ডেশন এবং ‘বিন্দু’ নারী উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রকল্পের আওতাভুক্ত নারী কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জন, সফলতা ও প্রতিবন্ধকতা তুলে ধরা। একই সঙ্গে কৃষিতে নারীর সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুর রহমান।

আভাসের এমআইএল অফিসার নাসরিন খানম ও স্ট্রিট চাইল্ডের সেফগার্ডিং অফিসার হিয়া বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান এবং উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন স্ট্রিট চাইল্ডের কান্ট্রি লিড ইমতিয়াজ হৃদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্পের ফোকাল ও প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, অ্যাডভোকেসি অ্যান্ড লিয়াজোঁ কো-অর্ডিনেটর মো. ইউনুছ, কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, কুশলিয়া, তারালী ও ভাড়াশিমলা ইউনিয়নের প্রান্তিক নারী কৃষকরা।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে কৃষিকাজ ও নারীর জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষিতে নারীর অবদানকে অর্থনৈতিক সক্ষমতায় রূপান্তর, সরকারি সেবা গ্রহণে সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নারী কৃষকদের কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়।

অংশগ্রহণকারী নারী কৃষকরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে কৃষিকাজে বিদ্যমান সমস্যা, জলবায়ুজনিত প্রতিবন্ধকতা এবং জীবিকা নির্বাহের চ্যালেঞ্জের কথা জানান। এ সময় স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রম জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষকদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও মতামত তুলে ধরা হয়।

কর্মশালায় প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে অর্জিত ইতিবাচক পরিবর্তন পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়নের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা, অর্জনগুলোকে টেকসই করা এবং আরও বেশি প্রান্তিক নারী কৃষককে সম্পৃক্ত করার বিষয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

কর্মশালায় উঠে আসা অভিজ্ঞতা ও সুপারিশগুলো স্থানীয় পর্যায়ে নারী কৃষকদের কৃষি উৎপাদন, দুর্যোগ মোকাবিলা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।