দেবহাটার নওয়াপাড়ায় দিনভর কর্মসূচিতে সংসদ সদস্য আব্দুল খালেক, শিক্ষা ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় এবং পথসভায় অংশ নেন। এসব কর্মসূচিতে শিক্ষা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার সকাল ১১টায় বেজোড়আটি লেদ মোড়স্থ আল-নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, একটি শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
পরে তিনি গাজিরহাট সেট মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও এলাকার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিকেলে খানজিয়া জামে মসজিদে আসরের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।
দিনের শেষ কর্মসূচিতে নাংলা বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান তাঁরা। এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনের কথা সরাসরি শুনে সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়াই তাঁদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়া দায়িত্বের অংশ। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এইচ এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম ও ইউনিয়ন সেক্রেটারি একরামুল কবির বকুলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন সংসদ সদস্য। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর এ যোগাযোগের মধ্য দিয়ে স্থানীয় সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো আলোচনায় উঠে আসে।