প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ফুলেল শুভেচ্ছা

নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের ফুলেল শুভেচ্ছা
দেশ টাইমস- , শিক্ষাঙ্গন ডেস্ক
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. নাজমুল হুসাইন যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. (ধুলিহর-ব্রহ্মরাজপুর) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সাম্প্রতিক সাফল্য সম্পর্কে জানতে চান ইউএনও নাজমুল হুসাইন। জবাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান প্রতিষ্ঠানের শিক্ষাগত অর্জন তুলে ধরে জানান, চলতি বছরে বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী এ-প্লাস (জিপিএ-৫) অর্জন করেছে। এছাড়া ৬ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এবং তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান বলেন, এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসাইনের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী দিকনির্দেশনায় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসাইন বলেন, তিনি সব সময় ভালো ও ইতিবাচক কাজের সঙ্গে থাকবেন। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ সব ধরনের ভালো উদ্যোগে উপজেলা প্রশাসন শিক্ষকদের পাশে থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নবাগত ইউএনওর এমন আশ্বাসে বিদ্যালয়ের শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেন যে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার ও সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন উপস্থিত ছিলেন।