প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় সেপটিক ট্যাংকির অক্সিজেন ফেল করে স্কুল ছাত্রসহ দুইজন নিহত, গুরুতর অসুস্থ একজন

দেশ টাইমস- , কালিগঞ্জ ডেস্ক
মোস্তাফিজুর রহমান উজ্জল,জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরায় সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের তক্তা খোলার সময় অক্সিজেন ফেল করে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রসহ দুই জন নিহত ও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের সরদার পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সোনা সরদারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (২৫) ও একই গ্রামের মনিপাড়ের ছেলে স্কুল ছাত্র আরাফাত হোসেন (১৫)। নিহত আরাফাত স্থানীয় বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেয়া গ্রামের এরশাদ আলীর ছেলে তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক
গোলাম হোসেন।
প্রত্যক্ষদর্শী বরেয়া গ্রামের রফিকুল ইসলাম জানান , বেশ কিছুদিন আগে বরেয়া গ্রামের হাতেম আলী সরদার তার বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাঙ্কি তৈরি করেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজমিস্ত্রি মহানন্দ সরকার সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের তক্তা খোলার জন্য ভিতরে ঢোকে। বিষয়টি দেখতে স্কুল ছাত্র আরাফাত হোসেনও সেপটিক ট্যাংকির ভিতরে নামে। ভিতরে নামার কিছুক্ষণ পরেই অক্সিজেন ফেল করে দুইজনই সেপটিক ট্যাংকির ভিতরে মারা যায়।
বেশ কিছুক্ষণ ধরে তাদের দুজনের কোন সাড়াশব্দ না পেয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম হোসেন তাদের উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকির ভিতরে নামার চেষ্টা করে। কিন্তু সেপটিক ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার কে পাঠানো হয়েছে।