কেশবপুরে সাংবাদিককে পিটিয়ে পুলিশে হস্তান্তর, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

যশোরের কেশবপুরে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে (২৫) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত রোববার দুপুরে কেশবপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাঁকে মারধর করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকালে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের অধিবাসী।
পরিবার ও এনসিপির বক্তব্য
মামুনের পরিবারের অভিযোগ, রোববার দুপুরে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে কেশবপুর পৌরসভা এলাকায় পৌঁছালে এনসিপির সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন এবং বিকেলে কেশবপুর থানা-পুলিশের হাতে তুলে দেন। ছেলের মুক্তি দাবি করে বাবা সোলায়মান হোসেন জানান, তাঁর ছেলে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন; অথচ তাঁকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে কেশবপুর উপজেলা এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন বলেন, মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ও বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। সে কারণে এনসিপি সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দেন। আটককালে চড়থাপ্পড় মারা হয়ে থাকতে পারে বলে তিনি শুনেছেন। মারধর করা হয়েছে কি না, জানতে চাইলে সম্রাট বলেন, যাঁরা তাঁকে ধরেছেন, তাঁরা দু–একটি চড়থাপ্পড় দিয়েছেন বলে তিনি শুনেছেন।
পুলিশের পদক্ষেপ ও সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মামুনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সোমবার সকালে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে যশোর সাংবাদিক ইউনিয়ন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিজ্ঞপ্তিতে দাবি করেন, মামুন তাঁদের সংগঠনের সদস্য। রোববার ‘মব’ সৃষ্টি করে তাঁকে মারধর শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।