ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনার সময় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ। আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির উদ্ভব একদিনে হয়নি। গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারিক কর্মকাণ্ডে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে নমনীয়তা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়ে অস্পষ্টতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলে তারা সরকারকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নতুন করে যে চুক্তিটা হবে, সেই বিষয়ে ভারতের কাছে যাতে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয়।’।
গঙ্গা চুক্তির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি প্রতিনিধি দল জানায়, আসন্ন নতুন চুক্তির ক্ষেত্রে ভারত যেন পানির ন্যায্য হিস্যার বিষয়টি কঠোরভাবে বিবেচনায় রাখে।
সরকার এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেবে না বলে তারা প্রত্যাশা করেন। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন, যা বিরোধীদলের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে। এনসিপি’র সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংলাপ প্রক্রিয়া শুরু হলেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।