দেশে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় ক্রমশ বড় হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। গত জুন মাসের তুলনায় মাত্র তিন মাসের ব্যবধানে এই ঋণের পরিমাণ ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বেড়েছে। সামগ্রিকভাবে তিন মাসে খেলাপি ঋণের এই উল্লম্ফন ব্যাংক খাতের ঋণ ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সরকারি ব্যাংকগুলোতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। স্বস্তির বিষয় হলো, গত তিন মাসে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ২ হাজার ৭৫২ কোটি টাকা হ্রাস পেয়েছে। তবে উল্টো চিত্র দেখা গেছে বেসরকারি ব্যাংকগুলোতে। একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ২১ হাজার ৭৬৯ কোটি টাকা বেড়েছে, যা পুরো খাতের খেলাপি ঋণ বৃদ্ধিতে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে।