পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে নিষিদ্ধ আ.লীগের চার শীর্ষ নেতা

জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য স্থলপথ পর্যবেক্ষণে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চারজন জ্যেষ্ঠ নেতা। রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। পেট্রাপোল সীমান্ত দিয়েই হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।
প্রতিনিধিদলে থাকা নেতাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তারা পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র পরিদর্শন করেন বলে জানা গেছে।
ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের এই প্রতিনিধিদলের আগামী কয়েক দিনের মধ্যে আগরতলায় গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এই সফরের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন অপেক্ষা করে পরিস্থিতির পরবর্তী ঘটনাবলী দেখার সময় এসেছে।