‘ডিসেম্বরে শেখ হাসিনা ফিরলে বাড়িছাড়া করব’—কলেজছাত্রীর সংবাদ সম্মেলনে অভিযোগ

শ্যামনগরে বসতভিটা দখলের চেষ্টা, মিথ্যা মামলায় হয়রানি ও বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ তুলেছেন আফসানা আক্তার খুশি (২২) নামের এক কলেজছাত্রী। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের দখলচেষ্টা, মামলা ও নানামুখী হুমকিতে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন ওই শিক্ষার্থী।
রোববার (২২ নভেম্বর ২০২৬) এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন আফসানা আক্তার।
তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওবেঁকী এলাকার মুজাহিদুল ইসলামের স্ত্রী এবং শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
লিখিত বক্তব্যে আফসানা অভিযোগ করেন, একই এলাকার আসরাফুর জামান মনা (৫০) নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের ভাগনে জামাই ও ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। ২০১৩ সালে ক্ষমতার অপব্যবহার করে তিনি তাঁর চাচার জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেন বলে অভিযোগ করেন আফসানা।
তিনি আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আসরাফুর জামান মনা আবারও তাঁর স্বামী মুজাহিদুল ইসলামের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আফসানা অভিযোগ করেন, বসতভিটা দখলের চেষ্টার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্ধনে আটুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাঁর স্বামীসহ পরিবারের সদস্য ও স্বজনদের আসামি করা হয়েছে। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, পুলিশি হয়রানির কারণে তাঁদের পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে।
আফসানার ভাষ্য অনুযায়ী, আসরাফুর জামান মনা তাঁদের বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দিয়ে বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তোদের বাড়িঘর থেকে উচ্ছেদ করব।’ এ ছাড়া তাঁর স্বামী খুলনায় অবস্থানকালে নওবেঁকী এলাকায় তাঁদের একটি ঘর অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছিল। পরে থানায় অভিযোগের ভিত্তিতে ঘরটি উদ্ধার করা হলেও সেখানে বসবাসরত ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বসতভিটা ও জমির নিরাপত্তা নিয়ে তাঁরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ অবস্থায় পরিবারের জানমাল ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেন আফসানা আক্তার। পাশাপাশি দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, জমি দখলের চেষ্টা, হুমকি ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসরাফুর জামান মনার বক্তব্য জানা সম্ভব হয়নি।