প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
, অর্থনীতি ডেস্ক

দেশের তৈরি পোশাকশিল্প খাতে গত ১৮ দিনে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীলতা ও বিভিন্ন বিঘ্নের কারণে ৩১৭টি কারখানায় এই বিশাল আর্থিক ক্ষতি হয়েছে, যা এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান হিসেবে গণনা করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কারখানাগুলো পরিস্থিতির চাপে সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বিজিএমইএ জানায়, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অনেক রপ্তানি আদেশ বর্তমানে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। অর্ডারগুলো ধরে রাখার জন্য কারখানা মালিকদের বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেয়া এমনকি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, যা প্রতিষ্ঠানের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে। জরিপে অংশ নেয়া কারখানাগুলোর তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ক্রেতারা এরই মধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। অন্য দেশে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি আদেশ স্থানান্তরের মধ্য দিয়ে এ উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে।

সংগঠনটির মতে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি আংশিক চিত্র মাত্র। ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি ভিত্তিতে জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সামগ্রিক উৎপাদন ক্ষতির পরিমাণ জরিপে পাওয়া হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে। এছাড়া ১৮ নভেম্বরের পর অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক আস্থার সংকট দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।

পোশাকশ্রমিকদের জীবন-জীবিকা এবং দেশের সামগ্রিক অর্থনীতির সুরক্ষায় বর্তমান সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।