প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে অচলাবস্থা: জীবাশ্ম জ্বালানি নিয়ে সৌদি আরবের সাথে বিরোধ

জলবায়ু সম্মেলনে অচলাবস্থা: জীবাশ্ম জ্বালানি নিয়ে সৌদি আরবের সাথে বিরোধ
, আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাতেও আলোচনার টেবিলে কোনো ঐকমত্য না হওয়ায় সম্মেলনটি কার্যত অচল হয়ে পড়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বৈশ্বিক প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলোর সঙ্গে বিভিন্ন দেশের সরাসরি বিরোধ তৈরি হয়েছে। কপ৩১ সম্মেলনের যৌথ সভাপতি অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন ও তুরস্কের মুরাত কুরুম দিনভর এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও সমাধানে পৌঁছাতে পারেননি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর ফলাফল না আসায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি ও জলবায়ু কর্মীদের মধ্যে গভীর হতাশা কাজ করছে।

আলোচনার মূল বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রায় ১৩০টি দেশের একটি অনানুষ্ঠানিক জোট, যারা চূড়ান্ত ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে চাইছে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর কাছ থেকে বড় আকারের আর্থিক সহায়তার দাবি জোরদার করেছে। তবে সৌদি আরবসহ তেলসমৃদ্ধ দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে শুরু থেকেই নেতিবাচক অবস্থান নিয়েছে। রোববার ভোরে প্রকাশিত তৃতীয় খসড়া চুক্তিতে তিন বছর আগের দুবাই সম্মেলনের সমঝোতার কথা স্মরণ করিয়ে দিয়ে অচলাবস্থা নিরসনের চেষ্টা চালানো হয়েছে, যেখানে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে সরে আসার বিষয়ে একমত হয়েছিল দেশগুলো।

টুভালুর জলবায়ু বিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া জীবাশ্ম জ্বালানি ইস্যুকে তাদের জন্য আপসহীন দাবি হিসেবে অভিহিত করে বলেছেন, সংকট সমাধানের মূল কারণ নিয়ে আলোচনা না হলে এখানে সময় ব্যয় করা অর্থহীন। পাওয়ার শিফট আফ্রিকা থিংকট্যাংকের পরিচালক মোহাম্মদ আদো জানিয়েছেন, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে প্রত্যাশা নিয়ে তারা আনতালিয়ায় আসলেও সরকারগুলো আগের প্রতিশ্রুতি রক্ষা করতেই ব্যর্থ হচ্ছে। ধনী দেশগুলো আর্থিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার অজুহাত খুঁজছে বলে মনে করছেন তিনি।

কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) প্রযুক্তি এবং ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও তীব্র বিতর্ক চলছে। সৌদি আরব সিসিএস প্রযুক্তির পক্ষে জোরালো সুপারিশ চাইছে, কিন্তু অন্য দেশগুলোর আশঙ্কা, এই প্রযুক্তি ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি শিল্পকে অন্যায়ভাবে টিকিয়ে রাখা হবে। চূড়ান্ত খসড়া চুক্তিতে সিসিএস প্রযুক্তির জন্য কোনো বাধ্যবাধকতা রাখা না হলেও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্লোবাল জাস্টিস নাউয়ের পরিচালক নিক ডিয়ারডেন জীবাশ্ম জ্বালানি শিল্প এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর মুনাফালোভী আচরণের কড়া সমালোচনা করে বলেন, জলবায়ু সংকটকে পুঁজি করে তাদের জিম্মি করার সুযোগ শেষ হওয়া উচিত। ফিল দ্য ফান্ড প্রচারাভিযানের সমন্বয়ক হারজিত সিং মনে করেন, একদিকে উন্নয়নশীল দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ ও ঋণের চাপে ধ্বংস হচ্ছে, অন্যদিকে অর্থনীতি বদলের কথা বলাটা অবান্তর। বিশ্বের জানা উচিত, এই সম্মেলন অর্থের অভাবের চেয়ে বরং সদিচ্ছার অভাবেই ব্যর্থ হয়েছে।