দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল: সেরার স্বীকৃতি পেলেন রণবীর-অনীত

২০২৬ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের (ডিপিআইএফএফ) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন রণবীর সিং, ‘ধুরন্ধর’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই সম্মান জানানো হয়। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘সাইয়ারা’ ছবিতে অভিনয় করা অনীত পাড্ডা। ডিপিআইএফএফ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এই বিজয়ীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
চলচ্চিত্র বিভাগে সাফল্যের তালিকায় রয়েছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এবং ‘ধুরন্ধর’ ছবিটির প্রযোজনার জন্য আদিত্য ধর, জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধর সেরা প্রযোজকের সম্মান অর্জন করেছেন। এই ছবিতে কাজের জন্য অক্ষয় খান্নাকেও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। সমালোচকদের বিচারে সেরা সিনেমার খেতাব পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। একই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি এবং সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন ইয়ামি গৌতম ধর।
সংগীত শাখায় ‘সাইয়ারা’ চলচ্চিত্রের গান বর্ষসেরা গানের শিরোপা পেয়েছে। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য ইলাইয়ারাজাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে, হাস্যরসাত্মক চরিত্রে রীতেশ দেশমুখ এবং বর্ষসেরা কমেডিয়ানের পুরস্কার পেয়েছেন সময় রায়না। ভারতীয় চলচ্চিত্রশিল্পে সামগ্রিক অবদানের জন্য বর্ষীয়ান সুপারস্টার কমল হাসানকে পুরস্কৃত করা হয়েছে।
টেলিভিশন ও ওয়েব সিরিজের ক্ষেত্রেও বড় সাফল্য এসেছে। ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকে কাজের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন স্মৃতি ইরানি, আর বর্ষসেরা টেলিভিশন সিরিজ নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উলটা চশমা’। ওয়েব সিরিজের মধ্যে সেরা পুরস্কার পেয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। এই সিরিজের পরিচালক হিসেবে আরিয়ান খান সেরা পরিচালকের সম্মান পেয়েছেন। ওয়েব সিরিজে সেরা অভিনেতা হয়েছেন ‘পাতাল লোক’-এর জয়দীপ আহলাওয়াত এবং সেরা অভিনেত্রী হয়েছেন ‘দিল্লি ক্রাইম ৩’-এর শেফালি শাহ।
আন্তর্জাতিক পর্যায়ে পপ তারকা টেলর সুইফট বর্ষসেরা আন্তর্জাতিক শিল্পী এবং হলিউড পরিচালক জেমস ক্যামেরন বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। উল্লেখ্য, ভারত সরকারের দেওয়া দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ডিপিআইএফএফ সম্পূর্ণ আলাদা। ডিপিআইএফএফ একটি বেসরকারি উদ্যোগ, যেখানে চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে স্বীকৃতি দেওয়া হয়।