আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে গোপালগঞ্জ, খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

কয়েক দিনের টানা উত্তেজনা, সহিংসতা এবং জনমনে তৈরি হওয়া আতঙ্কের পরিবেশ কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে গোপালগঞ্জ। শনিবার সকাল থেকেই শহরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। অন্যান্য স্বাভাবিক কর্মদিবসের মতো শহরের বিভিন্ন এলাকা ও মার্কেটগুলোতে দোকানপাট খুলতে দেখা গেছে। সড়কে রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচল আগের চেয়ে অনেক বেড়েছে। মানুষের স্বাভাবিক চলাফেরায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোও এদিন খুলে দেওয়া হয়েছে। হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেন জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে আগে যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল, শনিবার সেসব আইসিটি পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলেই তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থী রহিম বলেন, আগের থমথমে পরিস্থিতি এখন আর নেই। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। সকালে কোচিং করতে এসে দুপুর নাগাদ তারা বাসায় ফিরছেন এবং কোনো ধরনের সমস্যার আশঙ্কা এখন আর কাজ করছে না। রিকশাচালক জহির মিয়াও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, বর্তমানে নির্ভয়েই যাত্রী নিয়ে চলাচল করা যাচ্ছে, কোথাও কোনো ঝামেলার খবর নেই। তবে গোপালগঞ্জের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা সতর্কতা এখনো বজায় রয়েছে।
এদিকে বাণিজ্যিক লেনদেন শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা আতিক রহমান জানান, শনিবার সাধারণ কেনাকাটার পাশাপাশি রোববার থেকে ব্যাংক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার প্রস্তুতি চলছে। বাজারে নিত্যপণ্য কিনতে এসে আতিক রহমান জানান, নতুন করে কোনো কর্মসূচির ঘোষণা আসার বিষয়টি নিয়েও সাধারণ মানুষ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। সব মিলিয়ে শনিবারের গোপালগঞ্জে জনজীবনের চাঞ্চল্য ফিরে এলেও নতুন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা ঘিরে স্থানীয়দের মধ্যে কিছুটা সতর্ক দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।