টানা বৃষ্টিতে ভোলার কৃষকদের ধান ও সবজি নিয়ে দুশ্চিন্তা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও (২১ নভেম্বর) অব্যাহত রয়েছে। টানা এই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকার ফসলের মাঠে পানি জমে গেছে, যা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ধান ঘরে তোলা নিয়ে চিন্তিত হওয়ার পাশাপাশি শীতকালীন সবজি এবং তরমুজের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
সদর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন, কিন্তু বৃষ্টির কারণে তা শুকাতে পারছেন না। রাজাপুর গ্রামের কৃষক কালু সর্দার জানান, মাঠে কাটা ধান ভিজে একাকার হয়ে গেছে। রোদ না উঠলে এগুলো শুকানো অসম্ভব, আর এ অবস্থা চলতে থাকলে ধান নষ্ট হয়ে যাবে। অনেক জমিতে এখনো ধান কাটার অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।
ধানের পাশাপাশি সবজি চাষিরা পড়েছেন বড় বিপাকে। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ নানা ধরনের সবজিখেতে পানি জমে গেছে। বিশেষ করে যেসব জমির পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক, সেসব ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাচিয়া মাঝেরচরের কৃষক জামাল হোসেন জানান, তিন একর জমিতে তিনি বাঁধাকপি চাষ করেছিলেন যা এখন বিক্রির উপযোগী। কিন্তু ক্ষেতে পানি জমে থাকায় উৎপাদন খরচ তোলা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তরমুজ চাষিরাও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। চাষি আবুল হাসান কেরানী জানান, প্রায় ১০০ কানি জমিতে তরমুজের বীজতলা তৈরি করেছিলেন, যার সবগুলো বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সবজি চাষে বিনিয়োগ করা সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা, কারণ দীর্ঘ সময় পানি জমে থাকলে ফসলে রোগবালাই ও শিকড় পচনের ঝুঁকি তৈরি হয়।
টানা বৃষ্টির ফলে শুধু কৃষকরাই নন, খেটে খাওয়া মানুষও কর্মহীন হয়ে পড়েছেন। ইলিশার বাসিন্দা ইকবাল হাওলাদার বলেন, বৃষ্টির কারণে জরুরি প্রয়োজনেও ঘরের বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। কাজে যেতে না পারায় দিনমজুরদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ধান পেকে যাওয়ায় ক্ষেতের গোড়ায় পানি জমে না থাকলে ক্ষতির আশঙ্কা কম। তবে সবজিখেতে পানি জমলে গাছের ব্যাপক ক্ষতি হতে পারে। তিনি বৃষ্টি থামার সাথে সাথে দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিয়েছেন। তিনি আরও সতর্ক করেন যে, দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির শিকড়ে পচনসহ রোগবালাই ছড়িয়ে পড়তে পারে।