গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারত থেকে ঢাকায় এসেছে। শুক্রবার যাত্রা শুরু করা এই দলটি দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নেবে। আজ শনিবার থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের প্রধান শরদ চন্দ্রের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশে সফর করছে। তবে ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই সফর অনুষ্ঠিত হলেও, বিদ্যমান মেয়াদের বাইরে গিয়ে চুক্তি নবায়নের কোনো ম্যান্ডেট এই প্রতিনিধি দলটির নেই। আজ শনিবার ২১ থেকে ২৩ নভেম্বর এই বৈঠক হওয়ার কথা।
ভারতের বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে যে, চুক্তি নবায়ন করা হবে কি না কিংবা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে কি না, তা মূলত দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ইতিমধ্যে ঢাকা স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা পুরনো চুক্তি নবায়নের পরিবর্তে নতুন একটি পানিবণ্টন চুক্তি করতে আগ্রহী। নতুন এই চুক্তির ক্ষেত্রে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনীয় পানির হিস্যা নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে বাংলাদেশের। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আসন্ন ডিসেম্বরে শেষ হওয়ায় পানির প্রাপ্যতা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা গুরুত্ব পেয়েছে।