জয় বাংলা এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, ‘জয় বাংলা’ স্লোগানটি বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা এই স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রীর দাবি, আওয়ামী লীগ বর্তমানে কার্যত একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে এবং তাদের কার্যক্রম বিক্ষিপ্ত সন্ত্রাসী তৎপরতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের এই কাপুরুষোচিত কর্মকাণ্ড দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
দেশের বিভিন্ন প্রান্তে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের বিষয়ে তিনি আরও বলেন, মানুষ এখন তাদের সন্ত্রাসী হিসেবে দেখছে। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী দাবি করেন, গত আট মাসে বিশ্বমঞ্চে বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব পাওয়া, আন্তঃসংসদীয় ইউনিয়নের নির্বাচনে জয়লাভ এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধিতে আন্তর্জাতিক সমর্থন আদায় উল্লেখযোগ্য। এছাড়া রোহিঙ্গা গণহত্যা ইস্যুসহ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের বিষয়েও বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। সরকারের অগ্রাধিকার হিসেবে তিনি কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতা বৃদ্ধির কথা জানান। সরকারি দলের সংসদ সদস্যদের বাড়িঘরে হামলা, কর্মী হত্যা ও জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়ে বিএনপি সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত সহনশীল। স্বৈরাচারী শাসনের মতো কোনো গণহারে দমন-পীড়ন চালানো হচ্ছে না। বরং একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা কোনোভাবেই জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না। উল্টো সন্ত্রাসীরাই এখন আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ সব নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।