সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির গেটে দুর্বৃত্তের আগুন

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়। তবে এই ঘটনায় কেউ আহত বা বড় ধরনের ক্ষতির শিকার হননি। ওই গলিতে তিন থেকে চারটি বাড়ি রয়েছে যার মধ্যে একটি প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন।
ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, এটি কোনো পেট্রলবোমা হামলা নয়। দুর্বৃত্তরা কেবল পলিথিনসদৃশ কোনো বস্তু ব্যবহার করে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। বর্তমানে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিনের পক্ষে ফায়ার ফাইটার মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে কোথাও কোনো অগ্নিকাণ্ডের খবর তারা পাননি।