প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বড় বাধা: হোসেন জিল্লুর

দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বড় বাধা: হোসেন জিল্লুর
, অর্থনীতি ডেস্ক

দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর প্রদানের আগ্রহ দেখালেও হয়রানির কারণে করের আওতা কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ী ও নাগরিক সমাজ এবং তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য ভাষ্য তৈরি করা প্রয়োজন। জাতীয় নেতৃত্বকেও এসব বাস্তবতার দিকে নজর দিতে হবে।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, দেশের মানুষের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বস্তিবাসী থেকে শুরু করে মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক সব শ্রেণির মানুষের মধ্যেই উদ্যোগী মনোভাব রয়েছে। কিন্তু এই অদম্য শক্তি ও পরিশ্রমকে রাষ্ট্র, রাজনীতি এবং সমাজের প্রভাবশালী গোষ্ঠী যথাযথ স্বীকৃতি দিচ্ছে না। তিনি বলেন, বর্তমানে গণমাধ্যমের শিরোনামে নেতিবাচক খবর বেশি প্রাধান্য পাচ্ছে। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বাস্তব হলেও, শুধু নেতিবাচকতায় ডুবে না থেকে দেশের নিজস্ব সক্ষমতা, সম্পদ ও সম্ভাবনার দিকগুলোও খুঁজে বের করতে হবে। আগামী পাঁচ বছরে দেশকে কোথায় নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নির্ধারণ করে উদ্ভাবনী তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসার পরিবেশ উন্নত করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে (এআরটি) স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসার নিয়মকানুন সহজীকরণ, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে ডিএফসি ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সহায়তা প্রদান করে। তবে এ অর্থায়ন পেতে প্রকল্পগুলোকে অবশ্যই লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে।

মার্কিন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত উল্লেখ করেন, শেভরন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে। এছাড়া এক্সিলারেট এনার্জি দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে এবং জিই ভারনোভা বাংলাদেশের বিদ্যুৎ খাতে অবদান রাখছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

আইবিএফবির সভাপতি সৌদিয়া খান বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা জোরদার ও ওয়ান-স্টপ সার্ভিস আইন বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, নির্মাণ অনুমোদন, সরকারি সেবা গ্রহণ এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান জটিলতাগুলো কমানো অত্যন্ত জরুরি। আইবিএফবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ এবং শিল্পায়নের নতুন সম্ভাবনা নিয়ে নিয়মিত কাজ করছে। এমনকি সংগঠনটির কোনো কোনো সদস্য ইতিমধ্যেই পরিবেশবান্ধব উপায়ে জাহাজ নির্মাণ শুরু করেছেন।

সৌদিয়া খান আরও বলেন, ডিএফসির অর্থায়নের সুযোগ বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আইবিএফবি কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতিগত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে নীতিসহায়তা সহজ, ন্যায্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।