প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

দেশজুড়ে ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা

দেশজুড়ে ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা
, ঢাকা ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সাতটি জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার থেকে এসব জেলায় বিজিবি সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছেন। মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এই সাত জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা তৈরি হতে না পারে।

নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজিবি সদর দপ্তরের একটি মনিটরিং সেল সার্বক্ষণিক মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে পাওয়া সরাসরি ভিডিওচিত্র ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে বলে জানায় সংস্থাটি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখাসহ যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের এই কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।