প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

বাসন্তী পূজার মণ্ডপে মণ্ডপে জিল্লুর রহমান, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান

বাসন্তী পূজার মণ্ডপে মণ্ডপে জিল্লুর রহমান, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান
দেশ টাইমস- , তালা ডেস্ক

শারদীয় দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জাসাসের আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ পরিদর্শন কর্মসূচিতে তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরুলিয়া পূজা মন্দির এবং ৩ নম্বর ওয়ার্ডের বড় কাশিপুর কালী পূজা মন্দিরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজনের খোঁজখবর নেন।

মণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে জিল্লুর রহমান বলেন, “আবহমানকাল ধরে এ জনপদে হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আমাদের অটুট রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার—এমন সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো প্রয়োজনে এবং সুখে-দুঃখে আমি সবসময় আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সম্পর্ক জোরদার করা সবার দায়িত্ব।

এ সময় স্থানীয় বিএনপি, জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জিল্লুর রহমানকে ধন্যবাদ জানান।