প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

নাশকতার অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ

নাশকতার অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ
শেখ আমিনুর হোসেন, , বিশেষ সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ। বক্তব্য ও উপস্থিতির মধ্যে ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহ-সভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভিআইপি শ্রমিক দলের সভাপতি শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব ইব্রাহিম গাজী, সাতক্ষীরা সদর থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ মনি এবং ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলীসহ জেলা, সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষের জানমাল ও শ্রমজীবী মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বক্তারা বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শ্রমিক দল রাজপথে সোচ্চার থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
সমাবেশ থেকে নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান শ্রমিক দলের নেতৃবৃন্দ।