জলবায়ু মোকাবিলায় উপকূলের যুবদের নেতৃত্ব গড়তে শ্যামনগরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমে যুবসমাজের সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে এবং লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারের আয়োজনে ১৬ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্যামনগরের লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩ জন যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের সাধারণ পরিষদের সদস্য রনজিৎ বর্মন। এ সময় লিডার্সের ইন্টারনাল অডিটর অসিত মন্ডল, প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক, নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা এবং প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ ও উপকূলীয় অঞ্চলে এর বহুমাত্রিক প্রভাব, অভিযোজন ও প্রশমন কৌশল, জলবায়ু ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অধিকার ও জীবন-জীবিকার ওপর সৃষ্ট ঝুঁকি, জলবায়ু নেতৃত্ব এবং জলবায়ু ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরা হয়।
প্রশিক্ষণটি ছিল অংশগ্রহণমূলক ও ব্যবহারিক। আলোচনা, প্রশ্নোত্তর, দলীয় কাজ, রোল প্লে, উদ্দীপনামূলক খেলা এবং পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে যুবদের জলবায়ুবিষয়ক জ্ঞান অর্জনের পাশাপাশি সমস্যা বিশ্লেষণ, দলগত উদ্যোগ গ্রহণ এবং নিজ নিজ এলাকায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ পরিস্থিতিতে শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানো এবং কার্যকর উদ্যোগ বাস্তবায়ন জরুরি। এ ক্ষেত্রে যুবসমাজকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তোলা সময়ের দাবি।
তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, অভিযোজন, প্রশমন ও জলবায়ু ন্যায়বিচার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে যুবরা নিজ নিজ এলাকার সমস্যা ও মানুষের প্রয়োজন চিহ্নিত করতে পারবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলায় জনসম্পৃক্ততা তৈরি এবং অভিযোজনমূলক কার্যক্রম জোরদারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের যুবদের নেতৃত্বের বিকাশ ঘটবে এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু মোকাবিলার উদ্যোগ আরও গতিশীল হবে। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ও জলবায়ু সহনশীল উপকূলীয় সমাজ গঠনে প্রশিক্ষণটি ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।