প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

ধর্মের সীমানা ছাপিয়ে সম্প্রীতির ছবি, ‘ক্লিক ফর পিস’-এ প্রথম সাতক্ষীরার মাহফুজ

ধর্মের সীমানা ছাপিয়ে সম্প্রীতির ছবি, ‘ক্লিক ফর পিস’-এ প্রথম সাতক্ষীরার মাহফুজ
দেশ টাইমস- , বিশেষ ও ফিচার ডেস্ক

ধর্মীয় পরিচয় নয়, মানবিকতা ও ভালোবাসাই যে মানুষের প্রকৃত পরিচয়—এমনই এক অসাধারণ বার্তা ক্যামেরার ফ্রেমে তুলে ধরে ‘ক্লিক ফর পিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার আলোকচিত্রী মাহফুজ আহমেদ। তাঁর আলোকচিত্রে উঠে এসেছে ধর্মীয় সম্প্রীতি, পিতৃস্নেহ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য প্রতিচ্ছবি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে সাতক্ষীরার সিডো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। বিচারকমণ্ডলী ও আয়োজক কমিটির মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেন শাহিদ হাসান, তৃতীয় হন আরাফাত হোসেন এবং চতুর্থ স্থান অধিকার করেন শহিদ হোসেন।

প্রথম স্থান অর্জনকারী মাহফুজ আহমেদের আলোকচিত্রের শিরোনাম ছিল—‘আশীর্বাদের নেই কোনো ধর্ম, পিতৃস্নেহে বাঁধা অটুট সম্প্রীতি’। ছবিতে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে একজন মুসলিম প্রবীণ ব্যক্তি নববধূর মাথায় স্নেহভরে হাত রেখে আশীর্বাদ করছেন। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সেখানে মানবিক সম্পর্কের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে ফুটে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

একটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করার মধ্য দিয়ে আলোকচিত্রী ছবিটিকে শুধু শিল্পের পর্যায়ে সীমাবদ্ধ রাখেননি; বরং সমাজের জন্য তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ একটি সামাজিক বার্তা। ছবিটি স্মরণ করিয়ে দেয়, ধর্ম যার যার হলেও মানবিকতা, ভালোবাসা ও সহমর্মিতা সবার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রকল্প সমন্বয়কারী মো. তৌহিদুজ্জামান তৌহিদ, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নয়ন হোসেন এবং প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

প্রথম স্থান অর্জনের অনুভূতি প্রকাশ করে মাহফুজ আহমেদ বলেন, “এই পুরস্কার আমার একার নয়, এটি আমাদের অসাম্প্রদায়িক সমাজ ও মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের স্বীকৃতি। ছবির মাধ্যমে সমাজে ইতিবাচক ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা।”

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ‘যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়। অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, সিডো সংস্থার বাস্তবায়নে, অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই তরুণ আলোকচিত্রীদের সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরতে ‘ক্লিক ফর পিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে।