প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

কালিগঞ্জের পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেশে ফেরানোর পরিকল্পনার অভিযোগে আটক ২

কালিগঞ্জের পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেশে ফেরানোর পরিকল্পনার অভিযোগে আটক ২
দেশ টাইমস- , অপরাধ ও দুর্নীতি ডেস্ক

মীর খাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সীমান্তে মানব পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মোঃ বারি (৪২)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ মন্টু লাল ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মোঃ বারিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

অভিযানের পর আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।