কলারোয়ায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গোপীনাথপুর ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব গোপীনাথপুরে জামায়াত কার্যালয় সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক এমামুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজলিসুল মুফাস্সিরিন কলারোয়া উপজেলা শাখার সদস্য মাওলানা আজহার মাহমুদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু, পৌর নায়েবে আমীর মো. সিরাজুল ইসলাম এবং পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন।
সমাবেশে বক্তারা জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গোপীনাথপুর ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।