প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের কর্মীর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ

দেশ টাইমস- , নারী ও শিশু ডেস্ক
আক্তারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের কর্মী মো. মাহমুদুল হাসান (৩০) কে আটক করেছে সদর থানা পুলিশ। এঘটনায় ভুক্তভোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ‘২৬) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়। এর আগে, গতকাল সোমবার (১৬ নভেম্বর ‘২৬) দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী নারীর অভিযোগ।
অভিযুক্ত মাহমুদুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত। সে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই নারী ডাক্তার দেখানোর পর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।
ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী ঐ নারী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারী বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তার স্বামী খোঁজখবর নিয়ে তাকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন। পরে পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করেছে।
সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। পরবর্তীতে বিষয়টি জেনে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।