প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী লাবণী সরকার

সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী লাবণী সরকার
, বিনোদন ডেস্ক

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং অভিনেত্রী লাবণী সরকারের মধ্যকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে নানা জল্পনা-কল্পনা চলে আসছিল। অনেকেই সৌমিত্র চ্যাটার্জিকে লাবণীর ‘ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড’ হিসেবে অভিহিত করতেন, কেউ কেউ আবার তাদের সম্পর্ককে প্রেমের তকমা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টিতে এতদিন নীরব থাকলেও, সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন লাবণী।

তপন সিনহা, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সাথে কাজের পাশাপাশি সৌমিত্র চ্যাটার্জির সাথেও অসংখ্য কাজ করেছেন লাবণী। পডকাস্টে সম্পর্কের জল্পনা নিয়ে সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌমিত্রবাবু কখনোই তার ফ্রেন্ড, ফিলোসফার বা গাইড ছিলেন না। বরং তিনি বলেন, “সৌমিত্রবাবু একেবারেই আমার ফ্রেন্ড-ফিলোজাফার-গাইড নন, বরং খানিকটা রামাপ্রসাদ বণিক আমাকে বলতেন এটা করো, ওটা করো না। কিন্তু আমি তা শুনতাম না, সেটা আলাদা কথা।”

সৌমিত্র চ্যাটার্জির সাথে তাকে রোমান্টিক জুটি হিসেবে উপস্থাপন করা বা ব্যক্তিগত প্রেমের সম্পর্ক দেখানোর বিষয়টি লাবণী একেবারেই মেনে নিতে পারছেন না। তার মতে, নিছক পেশাদারিত্ব এবং শিল্পের প্রতি মুগ্ধতাকে বিকৃত রুচিবোধ থেকে প্রেমের রং দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিনেত্রী চাঁচাছোলা ভাষায় বলেন, “লোকেরা যদি এগুলো না বলে, তাহলে মানুষের বিকৃতমনষ্ক যে রুচিবোধ আছে…।”

সৌমিত্র চ্যাটার্জির প্রতি শ্রদ্ধার জায়গাটি ব্যাখ্যা করে তিনি জানান, একজন অসামান্য শিল্পীর কাজের প্রতি মুগ্ধ হওয়া যেকোনো অভিনেতার জন্যই স্বাভাবিক। তিনি স্পষ্ট করেন, তারা কোনো জুটি ছিলেন না, বরং নাটকে সহকর্মী হিসেবে একসাথে কাজ করেছেন। লাবণী যোগ করেন, “সৌমিত্র চ্যাটার্জির প্রেমে পড়বে না, এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর নয়। একজন শিল্পীর শিল্প নৈপুণ্য যখন পাহাড় সমান হয়ে যায়, তার শিল্প নৈপুণ্যের প্রেমে পড়াটা পৃথিবীর অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা।” যারা সহকর্মীর শ্রদ্ধা ও শিল্পবোধকে প্রেমের গল্পে পরিণত করেন, তাদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।