প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

চলতি নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
, জাতীয় ডেস্ক

অনুমোদন সাপেক্ষে ও কোনো কারিগরি জটিলতা না থাকলে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। সব প্রস্তুত থাকলে প্রকল্পটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। তবে এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে।

প্রকল্পের প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পর্কে বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানান, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট সময়সূচি এখনই নিশ্চিত করা যাচ্ছে না, তবে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করতে চেষ্টা চলছে। পরীক্ষামূলক সংযোগের পর উৎপাদন ও সরবরাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সবকিছু সন্তোষজনক বিবেচিত হলেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ ক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। প্রাথমিক সরবরাহের পর কোনো কারিগরি ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করার পর নিয়মভিত্তিক সরবরাহ শুরু হবে।

প্রাথমিক সরবরাহের পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে বলে জানা গেছে। তবে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সেই হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ইউনিটটির সম্পূর্ণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ডিসেম্বরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের একটি পরিকল্পনা চলছে। বায়েরা চেয়ারম্যানের প্রত্যাশা, এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নিতে পারেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের উপস্থিতি ও প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর ভিত্তি করেই উদ্বোধনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় গড়ে উঠছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিটই পূর্ণমাত্রায় চালু হলে জাতীয় গ্রিডে সর্বমোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।