প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের বারোবাজার স্টেশনে রাতে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

ঝিনাইদহের বারোবাজার স্টেশনে রাতে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
, খুলনা ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশনের বিভিন্ন স্থানে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হননি।

স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, দুর্বৃত্তরা অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি বোমা ছুড়ে মারে। কাঠের দরজায় আগুন লাগলেও দ্রুত তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। অফিসকক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা কর্মচারী, মূল্যবান আসবাবপত্র ও নথিপত্র অক্ষত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।