শ্যামনগরে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী সচেতনতায় পুলিশের উদ্যোগ

মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে শ্যামনগর থানা পুলিশ। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি আদর্শ দেশ ও সমাজ গঠনে শপথবাক্য পাঠ করাচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাদকের ভয়াবহ পরিণতি, বাল্যবিবাহের সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতি এবং ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি।
এ সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সনজিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন, অন্যান্য শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথবাক্য পাঠ করেন ওসি।
ওসি সাফিউল ইসলাম বলেন, মাদক এমন এক বিষ, যা শুধু একটি সমাজ নয়, একটি প্রজন্মকেও ধ্বংস করে দিতে পারে। মাদকের বিস্তারের কারণে সামাজিক অপরাধ ও অনাচার বাড়ছে, একই সঙ্গে পারিবারিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মাদক থেকে দূরে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।
বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, অল্প বয়সে বিয়ের কারণে অনেক কিশোরী শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মাতৃত্বের ঝুঁকি, অপুষ্টি, দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদের মতো সমস্যাও তৈরি হচ্ছে। একটি মেয়ের স্বাভাবিক শৈশব ও কৈশোর কেড়ে নেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ তার ভবিষ্যৎ জীবনকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।
ইভটিজিং প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশেঊ বলেন, পথেঘাটে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা বা হয়রানি করা অপরাধ। কেউ এমন পরিস্থিতির শিকার হলে কিংবা কোথাও এ ধরনের ঘটনা ঘটতে দেখলে ভয়ে চুপ না থেকে অভিভাবক ও পুলিশকে জানাতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ওসি আরও বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীদের সচেতনতা ও নৈতিক মূল্যবোধই আগামী দিনের সমাজকে প্রভাবিত করবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও বাল্যবিবাহের অভিশাপমুক্ত এবং ইভটিজিংমুক্ত সমাজ উপহার দিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।