কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ, দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পেশাগত সততা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে জনস্বার্থে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের উপদেষ্টা ও তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের অপর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি শামসুর রহমান লালটু ও এস এম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তজা হাসান এবং প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন হোসেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এস এম ফারুক হোসেন, আহসান উল্লাহ ও আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্র। এ পেশার মর্যাদা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে কলারোয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। নতুন নেতৃত্বের মাধ্যমে কলারোয়া রিপোর্টার্স ক্লাব আরও গতিশীল ও কার্যকর সাংগঠনিক ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।