প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আশাশুনিতে টিকটক ভিডিও করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল ২১ বছরের যুবকের

আশাশুনিতে টিকটক ভিডিও করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল ২১ বছরের যুবকের
দেশ টাইমস- , আশাশুনি ডেস্ক

সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেলে বিপরীতমুখী হয়ে বসে টিকটক ভিডিও তৈরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মোস্তাকিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জিহাদ হোসেন (২৩) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর ও কামালকাটি গ্রামের মধ্যবর্তী তালতলা নামক স্থানে একটি ঘেরের পাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইমনের বরাত দিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে মোস্তাকিম তার বন্ধু কৈখালী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জিহাদ হোসেন ও ইমনকে নিয়ে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে আশাশুনির শোভনালী এলাকায় ঘুরতে আসেন। এ সময় তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করছিলেন।

ঘটনার সময় ভিডিও ধারণের জন্য ইমনকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। এরপর জিহাদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। অন্যদিকে মোস্তাকিম মোটরসাইকেলের পেছনে বিপরীত দিকে ঘুরে বসে রাস্তা ও গাছপালার দৃশ্য ধারণের পাশাপাশি বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও তৈরি করছিলেন। একপর্যায়ে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোস্তাকিমের মাথা, চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে জিহাদের পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত জিহাদকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহত মোস্তাকিমের মরদেহ তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং চলন্ত অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে ভিডিও ধারণের এমন প্রবণতা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এ দুর্ঘটনা তারই একটি মর্মান্তিক উদাহরণ।