পুলিশ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ৪৭৮ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি ওমর ছানিকে (২৭) আটক করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানা সূত্র জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে বিভিন্ন থানায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতার নাম ওমর ছানি (২৭)। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন মিরপুর বিভাগের। এছাড়া তেজগাঁওয়ে ৭১, ওয়ারী বিভাগে ৭৪, লালবাগে ৫৮, উত্তরা বিভাগে ৫১, মতিঝিলে ৩৯, রমনায় ২৯ এবং গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ ও এসআরইউ-১ সম্মিলিতভাবে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এছাড়াও পাঁচটি মুঠোফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।