প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
দেশ টাইমস- , দিবস ডেস্ক

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্যসেবামূলক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ডা. শেখ আজিজুর রহমান এবং ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পদযাত্রা শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এর ঝুঁকি ও জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত না হওয়ায় আক্রান্ত ব্যক্তিরা নানা শারীরিক জটিলতার মুখে পড়েন। তাই ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করতেই বিশ্ব ডায়াবেটিস দিবসের এ আয়োজন।

তারা আরও বলেন, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগও গুরুত্বপূর্ণ।

দিবসটির আয়োজনের মধ্য দিয়ে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।