প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

হৃদরোগ ইনস্টিটিউটে অসুস্থ খান রোকোনুজ্জামান, দেখতে গেলেন সাতক্ষীরার দুই সংসদ সদস্য

হৃদরোগ ইনস্টিটিউটে অসুস্থ খান রোকোনুজ্জামান, দেখতে গেলেন সাতক্ষীরার দুই সংসদ সদস্য
দেশ টাইমস- , সাতক্ষীরা সদর ডেস্ক

ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত কারাবন্দি খান রোকোনুজ্জামানকে দেখতে গেছেন সাতক্ষীরার দুই সংসদ সদস্য। শুক্রবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চিকিৎসা, মামলার বর্তমান অবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা।

সাবেক সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য কাজী শামছুর রহমানের ছেলে কাজী সিদ্দিকুর রহমান জানান, কাশিমপুর কারাগারে বন্দি থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন খান রোকোনুজ্জামান। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করে।

গত বুধবার বিষয়টি জানতে পেরে তিনি ওই রাতেই হাসপাতালে গিয়ে খান রোকোনুজ্জামানের সঙ্গে দেখা করেন এবং তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাতক্ষীরার সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুই সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে আবারও হাসপাতালে যান তিনি।

কাজী সিদ্দিকুর রহমানের বর্ণনা অনুযায়ী, হাসপাতালে গিয়ে তাঁরা খান রোকোনুজ্জামানকে একটি বারান্দায় হাতকড়া পরা অবস্থায় অসুস্থ হয়ে শুয়ে থাকতে দেখেন। এ সময় তাঁকে ঘিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দুই সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বিশেষ করে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর সঙ্গে কথা বলেন। তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি, মামলার বর্তমান পরিস্থিতি এবং কারাগারে তাঁর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন দুই সংসদ সদস্য।

এ সময় তাঁরা খান রোকোনুজ্জামানকে আশ্বস্ত করে বলেন, “আমরা আপনার পাশে আছি, সাতক্ষীরার মানুষও আপনার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আপনার মুক্তি মিলবে এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন।”

কাজী সিদ্দিকুর রহমান আরও জানান, খান রোকোনুজ্জামান সাতক্ষীরার বাসিন্দা। ২০১৩ সালে শেখ হাসিনার সরকারের আমলে সাতক্ষীরায় দায়ের করা যুদ্ধাপরাধসংক্রান্ত মামলায় তিনি দণ্ডিত হন। এরপর থেকে তিনি কারাগারে সাজা ভোগ করছেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

এদিকে, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন খান রোকোনুজ্জামান তাঁর সুস্থতা ও দ্রুত মুক্তির জন্য সাতক্ষীরাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন কাজী সিদ্দিকুর রহমান।

তাঁর চিকিৎসা, কারাবন্দি অবস্থায় স্বাস্থ্যসেবা এবং মামলার আইনগত প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের বিষয়টিও এখন আলোচনায় এসেছে।