প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
, জাতীয় ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধান ও কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে করে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়। এ পর্যন্ত মোট ছয়টি চালানের মাধ্যমে প্রকল্পটির প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটিতে মোট ৯টি চালানে জ্বালানি পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার প্রক্রিয়া চলছে। রাশিয়ার সর্বাধুনিক ভিভিইআর-১২০০ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের জন্য।

এরই মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান গত ২৯ অক্টোবর এই পর্যায়ে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেন। এই ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টারবাইন-জেনারেটরসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষা সফল হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার প্রক্রিয়া বা ‘সিনক্রোনাইজেশন’ শুরু হবে।

প্রকল্পের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসের মধ্যেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। তবে পুরো বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্ত ও অনুমতি সাপেক্ষে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।