প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

ব্রহ্মরাজপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিএনপির বিক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডাবলুর

ব্রহ্মরাজপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিএনপির বিক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডাবলুর
দেশ টাইমস- , বিএনপি ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে ইউনিয়নের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু জাহিদ ডাবলু বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর কেউ হামলা করলে কিংবা রাস্তাঘাটে মিছিল-মিটিং করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কোনো নেতাকর্মী হামলার শিকার হলে তাৎক্ষণিকভাবে তাঁকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, হামলা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আবুল হাসান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু। এ ছাড়া ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর হাসান রুবেলসহ দুই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানও শোনা যায়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।