কারখানা বন্ধ শ্রম অসন্তোষের উসকানি হবে, বললেন শ্রমিকনেতারা

তৈরি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা অর্থাৎ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি প্রয়োগ করে কারখানা বন্ধ রাখার বিষয়টিকে শ্রম অসন্তোষ উসকে দেওয়ার শামিল বলে মনে করছেন শ্রমিকনেতারা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের নেতারা এই উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জানান, বর্তমানে হাতেগোনা কয়েকটি স্থানে আন্দোলন চলছে, তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখা জরুরি।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতি ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে মোকাবিলা করতে হবে। ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রমে ব্যাঘাত ঘটে এমন কোনো কর্মকাণ্ড বা প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে শ্রমিকদের কাজে ফেরার পরামর্শ দিয়ে মজুরি বোর্ডকে আলোচনার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান নেতারা।
তৈরি পোশাকশিল্পের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামীকাল শনিবার বিজিএমইএ তাদের সদস্যদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে। মালিকপক্ষের এই সভায় যেসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেবেন না, সেসব কারখানা ১৩(১) ধারায় বন্ধ রাখা এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের সাথে আলোচনায় না বসার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলের সাতটি কারখানা এই ধারায় বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
শুক্রবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই আলোচনার মাধ্যমে পোশাক খাতের অস্থিতিশীলতা নিরসনের ওপর জোর দিয়েছেন।