প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে নাশকতার ঘটনায় মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে নাশকতার ঘটনায় মামলা
, ঢাকা ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় তিনি নিজে উপস্থিত হয়ে এ মামলাটি করেন। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজন স্থানীয় নেতাসহ অজ্ঞাত পরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে উপস্থিত হয়ে মামলাটি করেন নুসরাত তাবাসসুম এমপি।

মামলার এজাহারে অভিযুক্তদের তালিকায় রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা সভাপতি মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিকট তিনটি বিস্ফোরণের শব্দে এমপি নুসরাত তাবাসসুমের পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়।

এ সময় তারা ঘরের বাইরে বেরিয়ে দেখেন, বাড়ি ও এর আশপাশের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। নুসরাত তাবাসসুম সেই সময় সংসদ অধিবেশনের কারণে ঢাকায় অবস্থান করছিলেন, তবে তার বাবা মোহা. আব্দুল হালিম ও মা মোছা. জহুরা খাতুনসহ অন্যান্য আত্মীয়স্বজন বাড়িতে ছিলেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংসদ সদস্য নুসরাতের অভিযোগ, এই নাশকতায় তার বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে এবং গোয়ালে থাকা তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ও পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করছিলেন এবং ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছিলেন। এ উদ্দেশ্যে ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানিয়েছেন, জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত ও পরিদর্শনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে কমিটির সদস্যরা নুসরাতের পৈতৃক বাড়িতে পরিদর্শনে আসেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রেস ব্রিফিংও অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঘটনার পর থেকেই বর্তমানে তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন এবং তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলছেন। একইসঙ্গে সংসদ সদস্যের বাড়িতে প্রেস ব্রিফিং করবেন।