প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

গণঅভ্যুত্থানের মীর জাফর হাসনাত ও সারজিস: রাশেদ খান

গণঅভ্যুত্থানের মীর জাফর হাসনাত ও সারজিস: রাশেদ খান
, রাজনীতি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে উন্মোচনের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের এক বিশেষ সাধারণ সভায় অংশ নিয়ে তিনি হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে, গণঅভ্যুত্থানের ইতিহাস লেখা হলে এই দুজনের নাম ‘মীর জাফর’ হিসেবেই উঠে আসবে। শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খানের ভাষ্যমতে, ১৯ জুলাই গণঅভ্যুত্থানে যেদিন সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছিলেন, সেদিনই হাসনাত ও সারজিস শেখ হাসিনার সরকারের মন্ত্রীদের সাথে বৈঠকে ব্যস্ত ছিলেন। তিনি দাবি করেন, শহীদের রক্ত মাড়িয়ে তারা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। এছাড়া, যখন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ডিবি কার্যালয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত ও সারজিসকে সেখানে জুস খেতে দেখা গেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে জিজ্ঞেস করলেই এর সত্যতা মিলবে।’

নিজের কাছে এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ ও রেকর্ড রয়েছে বলে দাবি করে রাশেদ খান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এবং সেখানে সব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি।’ তিনি আরও অভিযোগ করেন যে, নাহিদ ও আসিফ যখন গুম বা ডিবি হেফাজতে ছিলেন, তখন হাসনাত ও সারজিস ডিজিএফআইয়ের গাড়িতে চড়ে কারফিউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেড়াতেন। তার দাবি, এসব ঘটনার সপক্ষে তার কাছে অকাট্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ডে। আমি যা কিছু বলি, তথ্য-যুক্তি দিয়ে বলি।

শেখ মুজিবুর রহমানের আমলের ইতিহাস বিকৃতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি নাহিদ ইসলামের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন, কেন তিনি চব্বিশের গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে হাজির করছেন না। রাশেদ খান স্পষ্ট করেন যে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সাহসী ভূমিকার প্রতি তার কোনো সন্দেহ নেই, কিন্তু হাসনাত ও সারজিসের বিতর্কিত কর্মকাণ্ডের ব্যাপারে তিনি অনড়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ তার দেওয়া তথ্য মিথ্যা প্রমাণ করতে পারেন, তবে প্রচলিত আইন ও আদালত রয়েছে। তার প্রতিটি বক্তব্য তথ্য ও যুক্তিনির্ভর বলে তিনি সভায় উল্লেখ করেন।