প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ।। প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন
দেশ টাইমস- , শিক্ষাঙ্গন ডেস্ক

সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়াসাহেবের ডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ডা. আবুল কালাম বাবলা। প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেছেন স্থানীয় মসজিদের সভাপতি আলহাজ্ব গহর হাজী।
জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আবুল কালাম বাবলা বলেন, দ্বীনি শিক্ষা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। যারা এ শিক্ষার আলোয় আলোকিত হবে, তারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজে পাবে। রাষ্ট্র ও সমাজ গঠনে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের এ ধরনের প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বালক ও বালিকা উভয় শাখায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি করা হবে। শিশু শ্রেণি থেকে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর পাশাপাশি নূরানি, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগে পাঠদানের ব্যবস্থা।

মাদ্রাসার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজের মাধ্যমে হিফজ শিক্ষা, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারীর মাধ্যমে মাশকের ব্যবস্থা, মনোরম পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার, প্রাথমিক চিকিৎসা এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আলী জানান, এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।