তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ এবং সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।
এর আগে, তিন দিনের সরকারি সফর শেষ করে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীর ফ্লাইটটি। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেখানে পৌঁছান। আন্তালিয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল। প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন।
দেশে ফেরার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দেন। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়য়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া, সোমালিয়া, মলদোভা, পাকিস্তান ও কুয়েতের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিয়োগ সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জ্বালানি, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান ও জলবায়ু অভিযোজন বিষয়ে আলোচনা গুরুত্ব পায়। এর মধ্যে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এ ক্ষেত্রে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে আলোচনা হয়, যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নতুন বছরে উজবেকিস্তান সফরের আশা ব্যক্ত করেন। সাক্ষাতকালে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনে ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও বাংলাদেশের কাছে পুনর্গঠন ও দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে আলোচনায় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সম্মেলনের সাইড ইভেন্টে ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিষয়ে সরকারের নীতি তুলে ধরেন। এছাড়া আন্তালিয়ায় ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও তিনি অংশ নেন। পুরো সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, জলবায়ু মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে।